কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট দিয়ে যুবক গ্রেফতার

১৯ জুন, ২০২৪ ২২:১৭  

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা নাতি-নাতনির কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় দিনাজপুরের হিলি বন্দর এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে হাকিমপুর (হিলি) থানা পুলিশ। বুধবার (১৯ জুন) বিকেল ৪ টায় উপজেলার ধরন্দা মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক জাহাঙ্গীর আলম সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতিকে কটাক্ষ করে “কুরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেয়া হোক” লিখে অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্টিকার পোষ্ট দেন। এতে মূহুর্তেই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নজরে এলে তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

হাকিমপুর (হিলি) থানা ওসি দুলাল হোসেন জানিয়েছেন, মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট করায় এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।